প্রধানমন্ত্রীর ঘোষণা: দেশের ৬ শিল্পাঞ্চলে নির্মাণ হবে বিশেষায়িত শ্রমিক হাসপাতাল
দেশের শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এই হাসপাতালগুলো স্থাপন করা হবে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের সুচিকিৎসা প্রদান বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ১০০ বেডের এই ডেডিকেটেড হাসপাতালগুলো নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সম্পূর্ণভাবে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে।
অতীতে দেশের বিভিন্ন খাতের সংকটের কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি খাত, শিল্প এবং চিকিৎসাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। দেশীয় খনিজ সম্পদের সুব্যবহার না করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে তোলা হয়েছিল এবং ইচ্ছাকৃতভাবে শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত করা হয়েছিল। এছাড়া গ্রামীণ জনপদের চিকিৎসাব্যবস্থাকেও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
এর আগে প্রশ্ন উত্থাপনকারী সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশংসা করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব থাকলেও ব্যস্ততার কারণে ওই দিন তিনি উপস্থিত থাকতে পারবেন না বিধায় আজই প্রশ্নটি সম্পন্ন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











