কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে বাড়ির গেটের সামনে ছুরিকাঘাত

০৯ নভেম্বর ২০২৬ - ১৯:৫৮
প্রকাশিত: ৫৯ মিনিট আগে
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে বাড়ির গেটের সামনে ছুরিকাঘাত
ছবি সংগৃহীত

কুষ্টিয়া শহরের থানা পাড়া এলাকায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে ওত পেতে থেকে জাকিয়া সুলতানা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত কিশোর ইমন দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

​সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানা পাড়ার ক্রিসেন্ট ক্লাবের কাছে ওই শিক্ষার্থীর ভাড়া বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

​আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে এবং কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করায় পরিবারটি কুষ্টিয়া শহরের থানা পাড়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

​স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে স্কুল ছুটি শেষে বাসায় ফিরে গেটের কলিং বেল বাজিয়ে দরজা খোলার জন্য অপেক্ষা করছিল জাকিয়া। ঠিক সেই সময় কালো শার্ট পরিহিত ইমন নামের এক কিশোর হাতে ছুরি নিয়ে পেছন দিক থেকে তার ওপর হামলা চালায়। শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি ছুরিকাঘাত করার সময় জাকিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী ছুরি ফেলে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত ইমন কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার ১৪১ নম্বর মফিজ উদ্দিন বিশ্বাস সড়কের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে।

​ভুক্তভোগী শিক্ষার্থীর মা সুমি আক্তার বলেন, দীর্ঘদিন ধরে ইমন আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে। কোচিংয়ে যাতায়াতের পথেও তাকে নানাভাবে হয়রানি করত সে। বিষয়টি ইমনের পরিবারকে জানানো হলে কিছুদিন সে বিরত ছিল। আজ স্কুল থেকে ফেরার পর বাড়ির গেটের সামনে অবস্থান নিয়ে আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

​কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আহত শিক্ষার্থীর দেওয়া তথ্য এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীকে ইতোমধ্যে শনাক্ত করা গেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

​কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বাম হাত এবং পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। বেশ কয়েকটি সেলাইও দিতে হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালেই চিকিৎসাধীন রাখা হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত আছেন।

​কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, বিষয়টি আমাদের সর্বোচ্চ নজরদারিতে রয়েছে। ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং অভিযুক্ত হামলাকারীকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0