ঋণের বোঝা ও চেক ডিজঅনার নোটিশে সংকটে অনন্ত জলিলের ব্যবসায়িক সাম্রাজ্য
ব্যাংকঋণের অস্বাভাবিক চাপ এবং একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় গভীর অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন দেশের পরিচিত চিত্রনায়ক ও শিল্পপতি এম এ জলিল অনন্ত। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় তার মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের প্রায় ২২৭ কোটি টাকার চেক প্রত্যাখ্যাত হয়েছে। এই ঘটনায় অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
তৈরি পোশাক খাতে ছোট পরিসরে ব্যবসা শুরু করে গত আড়াই দশকে এজেআই গ্রুপ গড়ে তুলে দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তাদের একজন হয়ে ওঠেন অনন্ত জলিল। ২০১০ সালে চলচ্চিত্রে পা রাখার পর তিনি অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে বিয়ে করেন। পরবর্তী সময়ে স্ত্রী বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে ‘এবি অ্যাপারেলস লিমিটেড’ নামে আরেকটি প্রতিষ্ঠান চালু করেন। তবে বর্তমান পরিস্থিতিতে ব্যবসা সচল রাখতে কোনো অংশীদার বা কারখানা পরিচালনার জন্য কোনো ভাড়াটিয়া পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় ইতিমধ্যে কর্মহীন হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার শ্রমিক।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পাঠানো আইনি নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে এবি অ্যাপারেলসের প্রায় ২৬৭ কোটি টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়েছিল। পরবর্তীতে ঋণের আংশিক পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে গত ১৮ অক্টোবর ব্যাংকের অনুকূলে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। তবে গত ২ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে পর্যাপ্ত তহবিল না থাকায় তা ডিজঅনার বা প্রত্যাখ্যাত হয়। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সমুদয় অর্থ পরিশোধ না করলে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারা অনুযায়ী আদালতে মামলা করার কথা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকের আইনি পদক্ষেপের বিষয়ে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনা মহামারির সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে তিনি শ্রমিকদের কাজ না থাকা সত্ত্বেও নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করেছেন। সেই ঋণের সুদসহ বর্তমান পরিস্থিতিতে বড় অংকের দেনা তৈরি হয়েছে। এদিকে শুধু ব্যাংকঋণ নয়, গ্যাস বিল বকেয়া ও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগও রয়েছে এজেআই গ্রুপের বিরুদ্ধে। সব মিলিয়ে এই ব্যবসায়িক সাম্রাজ্য এখন মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











