ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ট্রাম্পকে প্রতিদিন নেতানিয়াহুর চাপ: ফিন্যান্সিয়াল টাইমস
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদিন টেলিফোনে তাগিদ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের ওপর নেতানিয়াহুর এই ধারাবাহিক তদবিরের কারণে আরব ও মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ ও বাইরের যুদ্ধবিরোধী পক্ষগুলো এই সামরিক উদ্যোগের তীব্র বিরোধিতা করে আসছে।
আলোচনা বিষয়ে ওয়াকিবহাল এক ব্যক্তির বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, আঞ্চলিক নেতারা মার্কিন প্রেসিডেন্টকে উত্তেজনা প্রশমন করে কূটনৈতিক আলোচনাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিচ্ছেন।
গত সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর উপসাগরীয় মিত্রদের এই অবস্থানের কথা জানান ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের মতো দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে রয়েছে। ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে যাওয়ার চেয়ে অর্থনৈতিক অবরোধ বহাল রাখার পক্ষেই নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
এদিকে ইসরায়েলের পরিস্থিতি সম্পর্কে জানেন এমন অন্য এক ব্যক্তি দাবি করেছেন, নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে থাকলেও ট্রাম্পকে রাজি করানোর জন্য বর্তমানে কোনো বিশেষ বা অতিরিক্ত চাপ সৃষ্টির কৌশল চলছে না।
অন্যদিকে ইরানের সঙ্গে মার্কিন সামরিক সংঘাত কার্যত সমাপ্তির পথে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যকার দীর্ঘ সংঘাতের অবসান ঘটিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন তিনি। ট্রাম্পের দাবি, মার্কিন আলোচকদের সঙ্গে তেহরান এখন তুলনামূলক নমনীয় ও সংযত আচরণ করছে।
হোয়াইট হাউসে আয়োজিত এক আকস্মিক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সামরিক দিক থেকে ইরান এখন প্রায় শক্তিহীন এবং তারা কেবল বর্তমান পরিস্থিতি বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











