রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলে অবস্থিত দেশটির দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার 'কিরিশিনেফতেওর্গসিনতেজে' (কিনেফ) ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার (৯ নভেম্বর) সংঘটিত এই হামলায় শোধনাগারটির তিনটি প্রধান তেল প্রক্রিয়াকরণ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ইউরো নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সান্দার দ্রোজদেনকো জানিয়েছেন, রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী ওই এলাকায় মোট ১১৩টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে একটি ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ ভসেভোলোজস্ক শহরের একটি আবাসিক বহুতল ভবনের ছাদে আছড়ে পড়লে এক স্থানীয় বাসিন্দা নিহত হন।
সুরগুতনেফতেগাজ গোষ্ঠীর মালিকানাধীন কিনেফ শোধনাগারটি ওমস্ক শোধনাগারের পর রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ও উত্তর-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ তেল শোধনাগার। এই স্থাপনাটিতে বার্ষিক প্রায় ১ কোটি ৮০ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করা হয়, যা রাশিয়ার মোট পরিশোধন ক্ষমতার প্রায় ৭ শতাংশ। এখান থেকে পেট্রল, ডিজেল, জেট ফুয়েল বা উড়োজাহাজের জ্বালানি, ফার্নেস অয়েল, বিটুমিন ও পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদিত হয়। বিশেষ করে সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে এখান থেকেই উড়োজাহাজের জ্বালানি সরবরাহ করা হয়। স্থাপনাটির নকশাগত বার্ষিক পরিশোধন ক্ষমতা ২ কোটি থেকে ২ কোটি ১০ লাখ টন।
অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তাদের বাহিনী রাতভর ইউক্রেনের ১৪টি অঞ্চল এবং দখলকৃত ক্রিমিয়ায় মোট ৪৩০টি ড্রোন ভূপাতিত করেছে। তবে ইউরোনিউজ এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এদিকে ইউক্রেনেও রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা থেকে রুশ বাহিনী ৩১৭টি ড্রোন নিক্ষেপ করে, যার মধ্যে ১০৫টি ছিল জেট ইঞ্জিনচালিত। এর মধ্যে ২৭৬টি ড্রোন ধ্বংস করা হলেও ৩১টি স্থানে ড্রোন আঘাত হেনেছে এবং নয়টি স্থানে ধ্বংসাবশেষ পড়েছে।
ওদেসা শহরের একটি খাদ্যপণ্যের গুদামে রুশ ড্রোন হামলায় তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে দুজন নিহত ও সাতজন আহত হন। মঙ্গলবার রাতভর খারকিভ অঞ্চলে শিশুসহ নয়জন, জাপোরিঝঝিয়া ও আশপাশে শিশুসহ ছয়জন, এবং পোলতাভার ক্রেমেনচুকে ১৬ বছরের এক কিশোরসহ সাতজন আহত হয়েছেন। ক্রেমেনচুকে ড্রোন হামলায় প্রতিবন্ধী শিশুদের একটি পুনর্বাসনকেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি সুমি অঞ্চলে একটি চলন্ত গাড়িতে রুশ হামলায় বিদ্যুৎ বিভাগের তিনজন কর্মী আহত হয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











