সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সম্পন্ন: বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

১০ নভেম্বর ২০২৬ - ০৭:৫৭
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সম্পন্ন: বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদির জেদ্দায় একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের মধ্যে এই দ্বিপক্ষীয় চুক্তিটি সম্পন্ন হয়।

​বাংলাদেশের পক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বাংলাদেশের সামগ্রিক হজ ব্যবস্থাপনার বর্তমান অগ্রগতি নিয়ে সৌদির মন্ত্রীর সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।

​চুক্তি শেষে ধর্মমন্ত্রী জানান, সফলভাবে এই দ্বিপক্ষীয় হজ চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার কোটা বৃদ্ধি করেছে। ফলে ২০২৭ সালে বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। এর আগে বিগত বছরগুলোতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করেছিলেন।

​বৈঠকে মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় আসলেও, অন্য কোনো দেশ কোটা ব্যবহার না করলে বা কোটা বাতিল হলে সেই খালি কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি পক্ষ। এছাড়া সৌদি মন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

​সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে রাজকীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী। পাশাপাশি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

​প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও স্বচ্ছ করতে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে ধর্মমন্ত্রী জানান, আল্লাহর মেহমানদের সেবা ও প্রশাসনিক উৎকর্ষ সাধনে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দাস্থ কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0