কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনার অভিযুক্ত ইমন গ্রেপ্তার

১০ নভেম্বর ২০২৬ - ০৭:১৪
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনার অভিযুক্ত ইমন গ্রেপ্তার
ছবি সংগৃহীত

কুষ্টিয়া শহরে দিনদুপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর সে নিজ বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে গা-ঢাকা দিলেও পুলিশের সাঁড়াশি অভিযানে শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়। অন্যদিকে, এই নৃশংস ঘটনার জেরে শহরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে আরও ১৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।

​মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। তিনি জানান, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তকে পাটিকাবাড়ি থেকে আটক করা হয়েছে। অভিযুক্ত ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। তার বাবা সৌদি আরব এবং বড় ভাই নেদারল্যান্ডসে প্রবাসী। দুই ভাইয়ের মধ্যে সে ছোট।

​এর আগে সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজাচ্ছিল ওই শিক্ষার্থী। এ সময় পেছন থেকে আকস্মিক হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইমন। এতে তার শরীরের অন্তত ছয়টি স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে ওই শিক্ষার্থী আশঙ্কামুক্ত রয়েছে।

​সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাকারীকে শনাক্ত করে পুলিশ। ঘটনার পরপরই বাড়ি তালাবদ্ধ করে আত্মগোপনে চলে গেলেও পুলিশের নিরবচ্ছিন্ন নজরদারির মুখে শেষ পর্যন্ত ধরা পড়ে সে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম তৎপর ছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছাত্রীটি সুস্থ হলে ঘটনার নেপথ্য কারণ জানা যাবে।

​এদিকে এ ঘটনার পর শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে কিশোর গ্যাং দমনে নামে জেলা পুলিশ। সোমবার সন্ধ্যার পর থেকে কুষ্টিয়ার বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ১৪ জনকে আটক করা হয়। তাদের অপরাধমূলক সংশ্লিষ্টতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0