ফরিদপুরে বাসে অগ্নিসংযোগ: ঘুমন্ত চালকের মর্মান্তিক মৃত্যু

১০ নভেম্বর ২০২৬ - ১০:৪০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ফরিদপুরে বাসে অগ্নিসংযোগ: ঘুমন্ত চালকের মর্মান্তিক মৃত্যু
ছবি সংগৃহীত

ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মো. কালাচাঁদ (৫০) নামের এক ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে দুইটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত চালক কালাচাঁদ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ নামক লোকাল বাসের চালক হিসেবে কর্মরত ছিলেন।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের বেলা বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর পার্কিং করা অবস্থায় ছিল। ওই সময় চালক বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

​ফরিদপুর মোটর ওয়ার্কশপ ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী ইবনে ইলিয়াস দাবি করেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের কর্মকাণ্ডের অংশ হিসেবে গভীর রাতে এই বাসে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁদ আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান।

​এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিহত বাসচালকের মরদেহ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এই অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0