প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৪৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা আইনগতভাবে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হবেন। তাকে ফিরিয়ে আনতে চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা ও কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো প্রথাগত রাজনৈতিক দল নয়, বরং এটি একটি মাফিয়া দল। অর্থের বিনিময়ে এবং সহিংসতার মাধ্যমে তারা সমাজে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। শেখ হাসিনাকে নিয়ে বর্তমানে যে আলোচনা হচ্ছে তা দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, একসময় তিনি স্বৈরাচারকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে তিনি নিজেই রাষ্ট্রে পরিণত হয়েছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে সরাসরি ফৌজদারি মামলা না থাকলেও বা তারা জামিনে থাকলেও নিষিদ্ধ ঘোষিত এই দলের ব্যানারে কোনো ধরনের সভা-সমাবেশ বা রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবেন না বলে স্পষ্ট করেন তিনি।
সংবাদ সম্মেলনে দেশের বর্তমান বাজার পরিস্থিতি ও খাদ্য নিরাপত্তা নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। বাজারে নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি না হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি জানান, সরবরাহ ব্যবস্থায় কিছু ঘাটতি থাকতে পারে এবং এ বিষয়ে তদারকি জোরদার করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে আরও সতর্ক থাকার ওপরও জোর দেওয়া হয়। এছাড়া বর্তমানে দেশে যেকোনো সময়ের তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলেও জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











