অভিনেতা বাপ্পারাজের পালিয়ে বিয়ে এবং দিতির বাসায় আশ্রয় নেওয়ার অজানা গল্প
চিত্রনায়ক রাজ্জাকের পুত্র ও জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের প্রেম এবং বিবাহিত জীবন যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে তাকে পাড়ি দিতে হয়েছিল নানা বাধা-বিপত্তি। পারিবারিক অমত সত্ত্বেও ভালোবাসার টানে পিছপা হননি তিনি।
এক সাক্ষাৎকারে বাপ্পারাজ নিজেই তার জীবনের এই রোমাঞ্চকর অধ্যায়ের কথা প্রকাশ করেছিলেন। তিনি জানান, পরিবারের আপত্তি থাকায় একপর্যায়ে ভালোবাসার মানুষকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। এরপর তারা আশ্রয় নেন প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরী ও নন্দিত অভিনেত্রী দিতির বাসভবনে।
সেদিনের স্মৃতিচারণ করে বাপ্পা বলেন, দিতির বাসায় কাজী ডেকে এনে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে ওই সময় সোহেল চৌধুরী বাসায় উপস্থিত ছিলেন না। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দুপুরের খাবার সেরে যখন তারা বিশ্রামে ছিলেন, ঠিক তখনই তার বাবা নায়করাজ রাজ্জাক লোক পাঠিয়ে তাদের ধরে নিয়ে যান। পরবর্তীতে উভয় পরিবারের উপস্থিতিতে নানা আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয় এবং সবকিছুর সমাধান ঘটে।
বর্তমান ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে বাপ্পারাজ জানান, তিনি এখন দুই কন্যা সন্তানের জনক এবং তার দুই মেয়েই বিবাহিত। পরিবারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তার সন্তানদের চলচ্চিত্র অঙ্গনে আসার কোনো পরিকল্পনা নেই। উল্লেখ্য, কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের হাত ধরেই চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন বাপ্পা। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল ‘চাপা ডাঙার বউ’। এ ছাড়াও ‘ঢাকা ৮৬’, ‘প্রেমের সমাধি’, ‘বাবা কেন চাকর’ ও ‘মা যখন বিচারক’-এর মতো বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











