সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমেই সম্ভব প্রারম্ভিক শিশু বিকাশ নিশ্চিতকরণ: গবেষণা
বিদ্যমান সরকারি অবকাঠামো ও সেবাব্যবস্থাকে কাজে লাগিয়েই দেশের শিশুদের প্রারম্ভিক বিকাশ (ইসিডি) সহায়তা প্রদান সম্ভব বলে উঠে এসেছে এক নতুন গবেষণায়। ‘থ্রাইভ কর্মসূচি’র পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেবার মাধ্যমে পরিবারগুলোতে শিশু লালন-পালনের চর্চা উন্নত হওয়ার পাশাপাশি ঘরের ভেতর শিশুর শিখন ও মানসিক বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করা যায়।
সোমবার (৯ নভেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশে প্রারম্ভিক শিশু বিকাশ ও আগামীর পথ’ শীর্ষক জাতীয় গবেষণা ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়। দেশের বিভিন্ন নীতিনির্ধারক, গবেষক এবং উন্নয়ন সহযোগীদের সরব উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে গবেষণার বিভিন্ন দিক ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন থ্রাইভ কর্মসূচির ন্যাশনাল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং আইসিডিডিআর,বি-র এমেরিটাস সায়েন্টিস্ট ড. জেনা ডেরাখশানি হামাদানি। গবেষণার ফলাফলে বলা হয়, সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার মধ্য দিয়ে সফলভাবে প্রারম্ভিক শিশু বিকাশ সেবা পৌঁছে দেওয়া সম্ভব। তবে কাঙ্ক্ষিত সুফল নিশ্চিত করতে সেবার মান বজায় রাখা, নিয়মিত তদারকি এবং মাঠপর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় সহায়তা ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
এর আগে ‘স্ট্রেনদেনিং বাংলাদেশি বেবিস ব্রেইনস (SB3)’ কর্মসূচির আওতায় দেশের ৬০০টিরও বেশি কমিউনিটি ক্লিনিকে পরীক্ষামূলকভাবে এই শিশু বিকাশ কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছিল। এর সুবাদে প্রায় ১৫ হাজারের অধিক শিশুর দোরগোড়ায় শিশু বিকাশ সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়। পাশাপাশি প্রায় ১,৯৫০ জন মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং চার শতাধিক সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শককে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
সাম্প্রতিক একটি ক্লাস্টার-কন্ট্রোল্ড ট্রায়ালের তথ্য অনুযায়ী, থ্রাইভ কর্মসূচির আওতায় থাকা পরিবারগুলোতে শিশু প্রতিপালনের ইতিবাচক চর্চা, ঘরের ভেতর শিশুর শিখনবান্ধব কার্যক্রম এবং খেলনা ও শেখার উপকরণের প্রাপ্যতা আগের তুলনায় লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। তবে সামগ্রিক শিশু বিকাশের সূচকে তাৎপর্যপূর্ণ পরিসংখ্যানগত পার্থক্য দেখা যায়নি। এই অভিজ্ঞতার আলোকে গবেষকরা বলছেন, কেবল সেবার পরিধি বাড়ানোই যথেষ্ট নয়; বরং এর ধারাবাহিক গুণগত মান এবং নিয়মিত তদারকি নিশ্চিত করাও সমানভাবে দরকার।
শিশুর পুষ্টি এবং প্রাথমিক মস্তিষ্ক বিকাশের মধ্যকার গভীর সম্পর্কের ওপর বিশেষ জোর দেন আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ। তিনি বলেন, জীবনের প্রথম দিকের অপুষ্টি শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ও বুদ্ধিবৃত্তিক দক্ষতায় সরাসরি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এই বিশেষ সময়ে শিশুর পুষ্টি এবং মানসিক বিকাশ—উভয় বিষয়ের ওপরই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার দেশব্যাপী প্রারম্ভিক শিশু বিকাশ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, খেলাধুলার মাধ্যমে শিখন, বুদ্ধিবৃত্তিক উদ্দীপনা এবং শিশুর সঙ্গে পরিবারের নিয়মিত পারস্পরিক যোগাযোগ তার মানসিক বৃদ্ধিতে জোরালো ভূমিকা রাখে। এ ধরনের ইতিবাচক প্রভাব পরবর্তীতে শিশুর পুরো শিক্ষাজীবনে কাজে লাগে। বাংলাদেশে বিদ্যমান শেখার ঘাটতি দূর করতে দেশজুড়ে ইসিডি কার্যক্রম সম্প্রসারণ এবং একটি সমন্বিত জাতীয় পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO)-এর টিম লিডার ও এডুকেশন অ্যাডভাইজার মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, শুধু আওতা বাড়ানোই নয়, বরং মানসম্মত সেবা বজায় রাখাও একটি বড় চ্যালেঞ্জ। তিনি টেকসই অর্থায়ন, মাঠপর্যায়ের সক্ষমতা সুদৃঢ়করণ এবং সরকারের জোরালো নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুজ্জোহা মা ও শিশুদের স্বাস্থ্য সহায়তায় আইসিডিডিআর,বি-র ভূমিকার প্রশংসা করেন। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে ইসিডি কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর তিনি তাগিদ দেন।
উল্লেখ্য, থ্রাইভ কর্মসূচিটি যৌথভাবে বাস্তবায়ন করছে অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্ট ও আইসিডিডিআর,বি। যুক্তরাজ্য সরকারের এফসিডিও এবং নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে এই গবেষণা ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











