রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, মন্ত্রীকে বাইরে নেওয়া হয় পেছনের গেট দিয়ে

১০ নভেম্বর ২০২৬ - ১৬:১৭
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, মন্ত্রীকে বাইরে নেওয়া হয় পেছনের গেট দিয়ে
ছবি সংগৃহীত

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর এলাকায় দুটি গ্রেনেডসদৃশ বস্তু পাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে তাৎক্ষণিকভাবে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয় এবং যাত্রীদের চলাচলের জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট ব্যবহার করা হয়। পরবর্তী সময়ে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিরাপদে নিষ্ক্রিয় করেন।

​পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে সন্দেহজনক বস্তু দুটি দেখতে পান এক পথচারী। তিনি বিষয়টি বিমানবন্দর থানার বায়া পুলিশ ফাঁড়ির রোমিও-৮১ টহল দলের দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে জানান। এরপর বিষয়টি বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হলে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা জোরদার করে।

​নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ রাখা হলেও যাত্রীদের যাতায়াতের বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়। এ ঘটনায় বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ছাড়া প্রধান ফটকের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, সেখানে তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য দায়িত্ব পালনরত অবস্থায় থাকলেও তাদের উপস্থিতির মধ্যেও কীভাবে বা কারা বস্তু দুটি সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

​এদিকে ঘটনার সময় জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে তিনি রাজশাহীতে পৌঁছান এবং ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে সেখানে যাত্রাবিরতি করেন। সন্দেহজনক বস্তু উদ্ধারের বিষয়টি জানাজানি হলে মন্ত্রীর নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুলিশ তাকে পুরো পরিস্থিতি সম্পর্কে অবহিত করে। পরে তাকে প্রধান ফটকের বদলে পেছনের গেট দিয়ে নিরাপদে বের করা হয়। সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।

​রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেডসদৃশ বস্তু পড়ে থাকার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সেখানে জরুরি পদক্ষেপ নেওয়া হয়। সাধারণ যাত্রী ও জনগণের নিরাপত্তার জন্য সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প পথে যাতায়াতের ব্যবস্থা করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়। তিনি আরও জানান, পরীক্ষার পর বস্তুগুলোর প্রকৃত পরিচয় জানা যাবে এবং কারা কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখেছিল, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0