পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি এই তথ্য নিশ্চিত করেছে।
নতুন এই দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারগুলোর সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকি করবেন। হাই পারফরম্যান্স সেন্টারের কার্যক্রমে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কোচিং পদ্ধতি এবং উদীয়মান তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।
তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার ও উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশে নিজেদের ক্রিকেট কার্যক্রমের পরিধি বাড়াতে আগ্রহী লাহোর কালান্দার্স। আন্তর্জাতিক ক্রিকেট এবং প্রশাসনিক অঙ্গনে আমিনুল ইসলামের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে এই লক্ষ্য বাস্তবায়ন করতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।
উল্লেখ্য, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম। এর আগে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ক্রিকেট প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার দীর্ঘ ও বর্ণাঢ্য পথচলা রয়েছে।
খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন আমিনুল। বিশেষ করে, ১৯৯৯ সালের ঐতিহাসিক ক্রিকেট বিশ্বকাপে তিনি বাংলাদেশ জাতীয় দলের সফল অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











