ক্ষমতা হারানোর তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু: দাবি সাবেক উপদেষ্টার

১১ নভেম্বর ২০২৬ - ০০:০৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ক্ষমতা হারানোর তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু: দাবি সাবেক উপদেষ্টার
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে তীব্র মানসিক চাপ ও আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করছেন বলে দাবি করেছেন তার সাবেক ঘনিষ্ঠ উপদেষ্টা নির হেফেজ। ইসরায়েলের একটি রেডিও চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

​গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনবিশিষ্ট সংসদে নেতানিয়াহু বিরোধীরা মোট ৬৭টি আসন নিশ্চিত করে। এর মধ্যে বিরোধী জোট পায় ৪৮টি এবং দুটি আরব দল লাভ করে ১৯টি আসন। বিপরীতে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের ঝুলিতে যায় ৫৩টি আসন। সম্প্রতি ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের জন্য তোড়জোড় শুরু করার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তাকে সরকার গঠনের জন্য ২৮ দিনের সময়সীমাও নির্ধারণ করে দিয়েছেন।

​নির হেফেজ তার সাক্ষাৎকারে বলেন, নেতানিয়াহু এই মুহূর্তে চরম আতঙ্কে রয়েছেন এবং তার বর্তমান রাজনৈতিক সিদ্ধান্তের পেছনে এই ভীতি প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী পদ হারিয়ে বিরোধী শিবিরে চলে যাওয়া তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে তিনি মনে করেন। হেফেজের দাবি, নেতানিয়াহুর স্ত্রী সারা ও ছেলে ইয়ারের জন্য এই পরিণতি অত্যন্ত কষ্টদায়ক হবে।

​সাবেক এই উপদেষ্টার মতে, ক্ষমতা হারালে নেতানিয়াহুর বিরুদ্ধে চলা দুর্নীতি মামলার বিচার কার্যক্রম আরও গতি পাবে। জেলা আদালতের নির্দেশ অনুযায়ী তাকে নিয়মিত হাজিরা দিতে হতে পারে। উল্লেখ্য, ২০২০ সাল থেকে ঘুষ ও জালিয়াতির অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি দুর্নীতি মামলা চলমান রয়েছে, যদিও তিনি শুরু থেকেই এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন। পাশাপাশি, গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

​পরিস্থিতি মোকাবিলায় নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠন কিংবা আল্ট্রা-অরথোডক্স ইহুদি দলগুলোর সঙ্গে জোট টিকিয়ে রাখতে বিভিন্ন রাজনৈতিক ছাড় দিতে পারেন বলে ধারণা করছেন হেফেজ। তবে গাদি আইজেনকোটকে চাপে ফেলা বা বিভ্রান্ত করা সহজ হবে না বলেই মনে করেন তিনি। ১৯৯৬ থেকে ১৯৯৯, ২০০৯ থেকে ২০২১ এবং সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বর থেকে ক্ষমতায় থাকা নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হলেও আরব দলগুলোর সমর্থিত যেকোনো সরকার গঠনের তীব্র বিরোধিতা করে আসছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0