মিরপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন
রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
রোববার সকাল আটটার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এতে এলাকাটিতে সব ধরনের যান চলাচল ব্যাহত হয় এবং নিরাপত্তাজনিত কারণে মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকাল থেকে সড়ক অবরুদ্ধ রেখে বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বেলা সোয়া ১১টার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটার পাশাপাশি জলকামান, কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড প্রয়োগ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পরবর্তীতে শ্রমিকেরা ফের সংগঠিত হয়ে বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন এবং ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়েন। সোয়া ১২টার দিকে প্রধান সড়ক ছেড়ে আন্দোলনকারীরা সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে আশপাশের গলিগুলোতে বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা অব্যাহত ছিল। এ সময় মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এর আগে একই দাবিতে শনিবারও মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। সেদিন মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকার কয়েকটি মার্কেট ও কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছিল।
এদিকে পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











