খুলনার লবণচড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে যুবককে গুলি করে হত্যা

১৯ আগস্ট ২০২৬ - ২২:৩৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
খুলনার লবণচড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে যুবককে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আশিবিঘা এলাকায় এই ঘটনা ঘটে।

​নিহত মঞ্জুরুল স্থানীয় বাসিন্দা খোকনের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন। ফুটবল খেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া কোনো বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ।

​নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঞ্জুরুল একসময় লেখাপড়া করতেন। তবে আর্থিক সংকটের কারণে পরবর্তীতে পড়াশোনা বন্ধ করে বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজে যোগ দেন। বুধবার তিনি কাজে যাননি। সন্ধ্যার দিকে নিজ এলাকায় অবস্থান করার সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত সটকে পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, আশিবিঘা এলাকার একটি মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে। তবে পুরো বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং তদন্ত শেষে মূল কারণ নিশ্চিত হওয়া যাবে।

​উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে খুলনার রূপসা উপজেলার নৈহাটী গ্রামের প্রতিবন্ধী স্কুলের সামনে মামুন মীর (৩৫) নামে অপর এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা। তিনি বাগমারা গ্রামের মৃত নিয়ামত আলী মীরের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0