নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়ম দেখে তত্ত্বাবধায়কের দায়িত্বে পরিবর্তন
নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগে অব্যবস্থাপনা, অপরিচ্ছন্নতা ও রোগীসেবার ঘাটতি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
মঙ্গলবার দুপুরের দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী হাসপাতালটিতে পৌঁছান। সেখানে তিনি ডায়রিয়া ইউনিট, হাম রোগীদের আইসোলেশন ওয়ার্ডসহ বিভিন্ন সেবা বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার বাস্তব চিত্র সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে তিনি জেলা সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেনকে সাময়িকভাবে হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনের নির্দেশ দেন।
হাসপাতালের বিভিন্ন স্থানের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, রোগীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব। তিনি প্রশ্ন তোলেন, যেসব সুযোগ-সুবিধা রোগীদের জন্য থাকা উচিত, সেগুলো বাস্তবে কতটা নিশ্চিত করা হয়েছে।
এ সময় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন সীমাবদ্ধতা ও চলমান সমস্যার কথা তুলে ধরেন। তবে মন্ত্রী দ্রুত সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের সময় কয়েকজন রোগী ও তাদের স্বজন হাসপাতালের শয্যা বরাদ্দসহ কিছু সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন। এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রীর সফরের খবর পেয়ে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়ন ও রোগীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (০)