বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের গর্ব, আলোচনায় সঞ্জয় দেবের বিশেষ জ্যাকেট

১৫ জুন ২০২৬ - ১৭:০৮
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের গর্ব, আলোচনায় সঞ্জয় দেবের বিশেষ জ্যাকেট

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত, আলো আর বর্ণিল আয়োজনে মুগ্ধ হয়েছে বিশ্বের কোটি কোটি দর্শক। সেই বিশ্বমঞ্চেই অনন্য এক উপায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক, গায়ক ও ডিজে সঞ্জয় দেব। তাঁর পারফরম্যান্সের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি বিশেষ জ্যাকেট, যার মাধ্যমে তিনি তুলে ধরেছেন বাংলাদেশের ঐতিহ্য ও পরিচয়।

গত শুক্রবার কানাডার টরন্টোর বিএমও স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান পরিবেশন করেন সঞ্জয় দেব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তিনি বিশ্বব্যাপী দর্শকদের সামনে পারফর্ম করেন। তবে অনুষ্ঠান শেষে সবচেয়ে বেশি আলোচনায় আসে তাঁর পরিধান করা জ্যাকেটটি।

জ্যাকেটটির ডান হাতাজুড়ে সূক্ষ্ম কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ প্রতীক—রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং লাল-সবুজের জাতীয় পতাকা। পারফরম্যান্স চলাকালে একাধিকবার তিনি নিজের হাতার দিকে ইঙ্গিত করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সঞ্জয় জানান, বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাংলাদেশকে তুলে ধরার পরিকল্পনা তিনি অনেক আগেই করেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার খবর প্রকাশের পর অনেকেই তাঁকে বাংলাদেশের জার্সি পরার পরামর্শ দিয়েছিলেন। তবে তিনি চেয়েছিলেন আরও ব্যতিক্রমী ও নান্দনিকভাবে নিজের দেশকে উপস্থাপন করতে।

এই ভাবনা থেকেই তাঁর টিমের সঙ্গে আলোচনা করে বিশেষ জ্যাকেটটির নকশা তৈরি করা হয়। জ্যাকেটের প্রতিটি প্রতীকের মধ্যেই ছিল একটি নির্দিষ্ট বার্তা। রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের শক্তি ও সাহসের প্রতীক, শাপলা দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এবং জাতীয় পতাকার লাল-সবুজ রং বহন করে দেশের পরিচয়, শান্তি ও ঐক্যের বার্তা।

সঞ্জয় আরও জানান, পারফরম্যান্সের সময় বারবার হাতার নকশা দর্শকদের দেখানোর বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল না। দেশের প্রতি গভীর ভালোবাসা ও আবেগ থেকেই তিনি এমনটি করেছেন। তাঁর অনুভূতি ছিল, সেই মুহূর্তে পুরো বাংলাদেশ যেন তাঁর সঙ্গে বিশ্বমঞ্চে উপস্থিত ছিল।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থন এবং পরিবারের দোয়া ছাড়া তাঁর পক্ষে এই অবস্থানে পৌঁছানো সম্ভব হতো না। বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে তিনি বারবার নিজের শিকড়, পরিবার এবং দেশের মানুষের কথা স্মরণ করেছেন।

এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানে নিজের পারফরম্যান্সের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন সঞ্জয় দেব। মাত্র ৬৫ সেকেন্ডের সেই ভিডিও প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। লাখো দর্শক ভিডিওটি দেখেছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন এবং শেয়ার করেছেন। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতীক তুলে ধরার এই উদ্যোগ দেশ-বিদেশে থাকা বাংলাদেশিদের মধ্যেও গর্ব ও উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন ()

User