ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচালক কথা বলতে না পেরে কষ্টে দিন কাটাচ্ছেন
জনপ্রিয় নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি বর্তমানে অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গলায় সিস্ট ধরা পড়ায় তিনি সাময়িকভাবে কথা বলতে পারছেন না। এ অবস্থায় ভক্ত-অনুরাগীদের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।
রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে অমি জানান, অসুস্থতার খবর জানার পর খোঁজখবর নেওয়া সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন। তিনি লিখেছেন, “এখনো কথা বলতে পারছি না। তবে সুস্থ হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর তিন দিন পর চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।”
কথা বলতে না পারার কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, “কথা বলতে না পেরে বেঁচে থাকাটা কতটা কঠিন ও শ্বাসরুদ্ধকর, সেটা এখন বুঝতে পারছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আবার কথা বলতে চাই, জোরে কথা বলতে চাই। আবারও ‘অ্যাকশন’ বলতে চাই।”
অসুস্থতার এই সময়টায় পরিবারের কাছ থেকে দূরে থাকার যন্ত্রণা নিয়েও কথা বলেন এই নির্মাতা। বিশেষ করে নিজের সন্তানের সঙ্গে কথা বলতে না পারার কষ্ট তাকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে বলে জানান তিনি। পোস্টে অমি লেখেন, “সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমি আমার ছেলের সঙ্গে কথা বলতে পারছি না। আমি আবারও তাকে ‘পাপা’ বলে ডাকতে চাই। সবাই আমাকে দোয়ায় রাখবেন।”
উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট নির্মাণের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন কাজল আরেফিন অমি। বর্তমানে নাটকটির পঞ্চম সিজন প্রচারিত হচ্ছে। ধারাবাহিকটিতে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা এবং সাইদুর রহমান পাভেলসহ আরও অনেকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (০)