বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তার অবসান, বাংলাদেশে তিন টিভি চ্যানেলে দেখা যাবে সব ম্যাচ

07 জুন 2026 - 05:20
0 4
বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তার অবসান, বাংলাদেশে তিন টিভি চ্যানেলে দেখা যাবে সব ম্যাচ

২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে টেলিভিশনের পর্দায় দেখা যাবে কি না—এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান ঘটেছে টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে। দেশের তিনটি টেলিভিশন চ্যানেল বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।

জানা গেছে, আসরের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল সময় টেলিভিশন। পাশাপাশি দর্শকরা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস-এও বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এই তিনটি টেলিভিশন চ্যানেলের সমন্বয়ে গঠিত একটি যৌথ কনসোর্টিয়াম সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব ক্রয় করেছে।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড বাংলাদেশের জন্য বিশ্বকাপ সম্প্রচারের অধিকার অর্জন করেছিল। তবে দেশীয় বাজারে সেই স্বত্ব বিক্রিতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত চুক্তি থেকে সরে দাঁড়ায়।

ফলে বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে পর্যন্ত বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত হয়নি। এতে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ব্যাপক উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দেয়।

সূত্র জানায়, এই জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তাদের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম অপারেটর এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা করা হয়।

এ ছাড়া ডিজিটাল ও টেলিকম খাতে নতুন আয়ের সম্ভাবনা কাজে লাগিয়ে সম্প্রচার ব্যয় সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়, যা এর আগে কোনো বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের মতে, বিভিন্ন পক্ষের সমন্বিত প্রচেষ্টার ফলেই শেষ পর্যন্ত বাংলাদেশের দর্শকদের জন্য বিশ্বকাপ সম্প্রচারের পথ সুগম হয়েছে।

এদিকে, বিশ্বকাপ সম্প্রচারের ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির কোনো আর্থিক ব্যয় থাকছে না। সম্প্রচারের পুরো ব্যয় বহন করবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং সংশ্লিষ্ট টেলিকম অপারেটররা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User