শিগগিরই শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ কর্মসূচি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী শিশুদের জন্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে অনুষ্ঠিত ‘হামের চিকিৎসা ও ক্লিনিক্যাল ব্যবস্থাপনা’ বিষয়ক এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের সব এলাকায় একযোগে এই কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চলছে। কার্যক্রমটি সফল করতে সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছে। আগামী কয়েক দিনের মধ্যেই ক্যাম্পেইনের সুনির্দিষ্ট সময়সূচি জানানো হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে পরে ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিষয়েও কথা বলেন। তিনি জানান, শুধুমাত্র একটি বিভাগের নয়, পুরো হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ্-দ্বীন ফাউন্ডেশনের অন্যান্য প্রতিষ্ঠান বা শাখার কার্যক্রম এ সিদ্ধান্তের আওতায় পড়বে না।
মন্ত্রী অভিযোগ করেন, হাসপাতালের একটি ঘটনায় শিশুদের মৃত্যুর পেছনে দায়িত্বশীলদের গাফিলতি ছিল। তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থাপনা ও তদারকিতে গুরুতর ত্রুটির কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাটির যথাযথ তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারের অবস্থান স্পষ্ট—কোনো ধরনের অবহেলা বা দায়িত্বহীনতার ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উঠে আসবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (০)