আগামীকাল পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপের

10 জুন 2026 - 16:42
0 7
আগামীকাল পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপের
ছবি ঃ ফিফা বিশ্বকাপ ২০২৬ (সংগৃহীত)

আগামীকাল পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপের দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল বুধবার (১১ জুন) পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপের। কোটি কোটি দর্শকের  রাত জাগা আর আবেগের ফুটবল উন্মাদনা আর কয়েকঘন্টা পরেই রুপ নিতে যাচ্ছে বাস্তবে। ল্যাটিন আমেরিকার সাম্বা, ইউরোপের শক্তিশালী ফুটবল আর এশিয়া-আফ্রিকার গতিময় ফুটবল লড়াই—সব মিলিয়ে এক মাসের এই টুর্নামেন্টে বিশ্বজুড়ে চলবে ফুটবলের মহাযজ্ঞ। এ মহাযজ্ঞ ঘিরে  ফুটবল প্রেমিরা মেতে উঠেছে। এর ঢেউ লেগেছে বাংলাদেশেও। অফিসপাড়া থেকে শুরু করে চায়ের দোকান— মাঠ-ঘাট সর্বত্রই। প্রিয় দলের পতাকা, ব্যানার, ফেস্টুন আর প্রিয় দলের জার্সিতে ছেয়ে গেছে চারপাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে ভক্তদের নানা আলোচনা সমালোচনা । সবকিছুকে ছাড়িয়ে চারিদিকে একটাই আলোচনা, “কে জিতবে বিশ্বসেরা হওয়ার মুকুট? " কে লিখবে নতুন ইতিহাস। এ ইতিহাস দেখতে বিশ্বের কোটি কোটি দর্শকের চোখ এখন আমেরিকায়। এবারের বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি ফুটবল ইতিহাসের অন্যতম বৃহৎ ও ব্যতিক্রমী আসর। রেকর্ড সংখ্যক দল নিয়ে অনুষ্ঠিত এই আসর বিশ্ব ফুটবলে নতুন যুগের সূচনা করেছে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রজন্মের এক অদ্ভুত ও রোমাঞ্চকর মেলবন্ধন। একদিকে এটি ফুটবল ইতিহাসের দুই জীবন্ত কিংবদন্তি—লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের গোধূলিলগ্নের সবচেয়ে বড় মঞ্চ। বিশ্বমঞ্চে হয়তো শেষবারের মতো দেখা যাবে এলএমটেন আর সিআরসেভেনের সেই চিরচেনা জাদু। কোটি ভক্তের চোখ থাকবে তাঁদের দিকে, প্রিয় তারকাকে ট্রফি হাতে বিদায় জানানোর এক আবেগঘন মুহূর্তের অপেক্ষায় থাকবে পুরো দুনিয়া। অন্যদিকে, ফুটবল বিশ্বকে শাসন করতে প্রস্তুত বর্তমানের মহাতারকারা। কিলিয়ান এমবাপে কিংবা জুলিয়ান আলভারেজের মতো খেলোয়াড়রা, যাঁরা গত আসরগুলোতেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন, তাঁরা এবার এসেছেন নিজেদের সাম্রাজ্য আরও পাকা করতে। তবে এবারের বিশ্বকাপের আসল সৌন্দর্য লুকিয়ে আছে একঝাঁক তরুণ ও উদীয়মান তুর্কিদের মধ্যে। বিশ্বফুটবলের নতুন জোয়ার নিয়ে হাজির হয়েছেন দেজিরে দুয়ে, এন্দ্রিক, নিকো পাজদের মত তারকারা। কিংবদন্তিদের অভিজ্ঞতা আর এই তরুণদের রক্তগরম করা পারফরম্যান্সের লড়াই-ই হবে এবারের বিশ্বকাপের মূল আকর্ষণ। অর্থনৈতিক দিক থেকেও ২০২৬ বিশ্বকাপের গুরুত্ব অনেক। লাখো পর্যটকের আগমন, বিপুল বাণিজ্যিক কার্যক্রম, স্পন্সরশিপ এবং সম্প্রচারস্বত্বের মাধ্যমে আয়োজক দেশগুলো বিপুল অর্থনৈতিক সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আসর। বিশ্বকাপের মঞ্চে প্রতিবারই জন্ম নেয় নতুন গল্প। কোনো দল অপ্রত্যাশিত সাফল্য অর্জন করে, কোনো তারকা নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে যান, আবার কোনো ম্যাচ স্মরণীয় হয়ে থাকে নাটকীয়তার জন্য। ২০২৬ সালের বিশ্বকাপও তার ব্যতিক্রম হবে না বলেই বিশ্বাস ফুটবলপ্রেমীদের। নতুন ফরম্যাট, নতুন ভেন্যু এবং নতুন সম্ভাবনার এই আসর ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। কাউন্টডাউন প্রায় শেষের পথে। উত্তেজনার পারদ প্রতিদিনই বাড়ছে। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী এখন তাকিয়ে আছেন সেই মাহেন্দ্রক্ষণটির দিকে, যখন মাঠে গড়াবে বল, শুরু হবে স্বপ্ন, সংগ্রাম আর গৌরবের লড়াই। বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি এক মহোৎসব। যেখানে জয়-পরাজয়ের সীমা ছাড়িয়ে উদযাপিত হয় মানবিক বন্ধন, আবেগ এবং খেলাধুলার সৌন্দর্য। বিশ্বকাপের এবারের আসরটি শুধু মাঠের লড়াইয়েই নয়, মাঠের বাইরের প্রযুক্তিগত দিক থেকেও ইতিহাস গড়তে যাচ্ছে। সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন স্টেডিয়ামগুলোতে ব্যবহার করা হচ্ছে উন্নত সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি এবং নিখুঁত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ব্যবস্থা। এর ফলে মাঠের ভুলত্রুটি কমে আসবে এবং খেলা হবে আরও গতিময় ও নিখুঁত। এছাড়াও দর্শকদের যাতায়াত এবং স্টেডিয়ামের ভেতরের অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নানা সেবা। বিশ্বকাপ জয়ের দৌড়ে এবারও শীর্ষে রয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স। তবে ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন ও জার্মানির মতো শক্তিশালী দলগুলো যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে মরক্কো ও ক্রোয়েশিয়ার মতো দল আবারও রূপকথা লিখবে কি না—তা নিয়েও চলছে ব্যাপক বিশ্লেষণ। সব অপেক্ষার অবসান ঘটিয়ে যখন রেফারির বাঁশি বাজবে, তখন শুরু হবে বিশ্বজয়ের লড়াই। আগামী এক মাসেরও বেশি সময় ফুটবলপ্রেমীরা ডুবে থাকবেন আবেগ, উত্তেজনা আর ইতিহাস গড়ার মুহূর্তে। ফিফা বিশ্বকাপ ২০২৬ শুধু একটি টুর্নামেন্ট নয়—এটি বিশ্বজুড়ে আবেগ, ঐক্য ও ফুটবলের সবচেয়ে বড় উৎসব। ( সংগৃহিত, গ্রা/কা,সংশোধিত)

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User