বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব নিলেন নতুন সচিব আতাউর রহমান খান
নবনিযুক্ত বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৬ জুন) তিনি মন্ত্রণালয়ে যোগদান করলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তাকে স্বাগত জানান।
যোগদানের পর মন্ত্রী নতুন সচিবকে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত পরিচিতি সভায় অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ মে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আতাউর রহমান খানকে বাণিজ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে বিভিন্ন কারণে তিনি সঙ্গে সঙ্গে দায়িত্ব গ্রহণ করতে পারেননি। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (ইকোনমিক ক্যাডার) ১৮তম ব্যাচের কর্মকর্তা।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু হলে অতিরিক্ত সচিব আবদুর রহিম খান ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরে গত ১ জুন তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হলেও তিনি কিছু সময় বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
পরিচিতি সভায় বাণিজ্যমন্ত্রী কর্মকর্তাদের জন্য সমান সুযোগ ও ন্যায়সঙ্গত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের মেধা ও সামর্থ্য কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করতে হবে এবং তাদের অগ্রগতির পথে অপ্রয়োজনীয় বাধা দূর করতে হবে।
নতুন সচিবকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, তার শিক্ষা ও প্রশাসনিক অভিজ্ঞতা মন্ত্রণালয়কে কার্যকর নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয় আরও গতিশীল ও ফলপ্রসূভাবে কাজ করবে।
নিজের বক্তব্যে আতাউর রহমান খান বলেন, সরকারের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় বাণিজ্য মন্ত্রণালয়ের যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সক্ষমতা বৃদ্ধি, চলমান চুক্তি, নীতি ও আন্তর্জাতিক সমঝোতা দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, বাণিজ্যমন্ত্রীর নেতৃত্ব এবং কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মন্ত্রণালয়ের নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (০)