অস্ট্রেলিয়া সিরিজে স্বস্তির খবর: প্রথম টেস্টের স্কোয়াডে ফিরলেন লিটন দাস
অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লাল বলের সিরিজ শুরুর ঠিক আগমুহূর্তে বাংলাদেশ শিবিরে স্বস্তির হাওয়া বইছে। চোট কাটিয়ে ডারউইন টেস্টের জন্য জাতীয় দলে ফেরানো হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসকে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পায়ের পেশির আঘাত পুরোপুরি সেরে না ওঠায় প্রাথমিক অবস্থায় প্রথম টেস্টের স্কোয়াডে তার থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ক্রিকেট দলের একাংশ ইতোমধ্যে ক্যাঙ্গারুর দেশের উদ্দেশে উড়াল দিলেও লিটনের মাঠে ফেরা নিয়ে ছিল অপেক্ষা। তবে বিসিবির মেডিকেল টিমের অধীনে পুনর্বাসনপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ায় চিকিৎসকদের সবুজ সংকেত পান ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।
গত জুন মাস থেকে চোটের কারণে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা লিটন রবিবার ডারউইনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে গিয়ে সরাসরি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন মূল দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।
আগামী ৬ থেকে ৮ আগস্ট তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারী দল। পরবর্তীতে ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











