বিএনপি খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে : গাইবান্ধায় জামায়াত আমির
নির্বাচনে জয়ী না হতে পারায় উত্তরাঞ্চলকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান বিএনপি সরকার নিজেদের খেয়াল-খুশিমতো দেশ পরিচালনা করছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসমাবেশে জামায়াত আমির অভিযোগ তুলে ধরেন, সরকারপক্ষের একজন দায়িত্বশীল নেতা মন্তব্য করেছেন যে এই অঞ্চলের মানুষ জামায়াত ও জাতীয় পার্টিকে ভোট দেয় বলেই উত্তরাঞ্চলকে চিরকাল পিছিয়ে থাকতে হবে।
সংশ্লিষ্ট এলাকায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার নির্মম হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশে কোনোভাবেই খুনের রাজনীতি কায়েম করতে দেওয়া হবে না। ক্ষমতার মোহ ও দখলদারির মানসিকতার কারণে দেশে অপরাধ ও সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে না পারলে সাধারণ মানুষকে সাথে নিয়ে ২০২৪ সালের মতো ফের রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন জামায়াত প্রধান।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে দাবি করে তিনি বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ ও চাঁদাবাজি বেড়ে যাওয়ায় আজ সাধারণ নাগরিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সমাবেশ শুরুর পূর্বে জামায়াত আমির বোনারপাড়ায় নিহত নেতাকর্মীদের কবর জিয়ারত করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান।
গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেস আলীর সভাপতিত্বে উক্ত জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, সংসদ সদস্য মো. আবদুল করিম, সংসদ সদস্য মাজেদুর রহমান ও সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











