ভূমিকম্প মোকাবিলায় টাস্কফোর্স ও ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরির উদ্যোগ, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

২৯ জুলাই ২০২৬ - ২১:২২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভূমিকম্প মোকাবিলায় টাস্কফোর্স ও ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরির উদ্যোগ, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:সংগৃহীত

দেশের সম্ভাব্য ভূমিকম্প দুর্যোগ মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠন এবং সার্বিক প্রস্তুতি জোরদারে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়াদান কার্যক্রম ত্বরান্বিত করতে ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য ১ লাখ প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​আজ বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক বিশেষ সভায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

​উপ-প্রেস সচিব জানান, উদ্ধারকাজের সুবিধার্থে ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা হয়েছে। বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবক যুক্ত করার কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে। পাশাপাশি ভূমিকম্প মোকাবিলায় প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম সরবরাহ, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি ডেডিকেটেড ‘বিশেষ সেল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​দুর্যোগকালে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং রাজধানী ঢাকায় জরুরি ত্রাণ সহায়তার সুবিধার্থে ‘হিউম্যানিটারিয়ান স্ট্যাগিং এরিয়া’ (এইচএসএ) বা বিশেষ লজিস্টিক হাব স্থাপনের পরিকল্পনাও তুলে ধরা হয় এই বৈঠকে।

​গুরুত্বপূর্ণ এই নীতি নির্ধারণী সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0