প্রধানমন্ত্রীর সফর নিশ্চিত হলে সব সমস্যার ইতিবাচক সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে দায়িত্ব পালনের এক মাস পূর্ণ হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক সম্পন্ন হয়। সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় হাইকমিশনার জানান, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিশ্চিত হওয়ার পর যৌথ ওয়ার্কিং গ্রুপ নথিপত্র নিয়ে বসলে সবকিছুই ইতিবাচক দিকে এগোবে।” পারস্পরিক সুবিধার ভিত্তিতে সমাধান সম্ভব নয়—এমন কোনো সমস্যা দুই দেশের মধ্যে নেই বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রীয় পর্যায়ের এই আলোচনায় দুই দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, “দিনশেষে মূল বিষয়টি হলো দুই দেশের সাধারণ মানুষ। পারস্পরিক গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থ বজায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়ন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যৌথ ওয়ার্কিং গ্রুপ ইতোমধ্যেই এ বিষয়ে সার্বিক পর্যালোচনা ও আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা বৈঠকগুলোতে যুক্ত হয়ে সমঝোতায় পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
চলতি বছরের ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্রিকসের মূল সদস্য না হওয়া সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হাইকমিশনার বলেন, “আমাদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আশা করছি খুব দ্রুতই এই সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।”
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











