সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

২৯ জুলাই ২০২৬ - ১৪:০১
প্রকাশিত: ৩ মাস আগে
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন
ব্যারিস্টার মোশাররফ হোছাইন। ছবি:সংগৃহীত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার (২৯ জুলাই) ঢাকার মালিবাগে অবস্থিত সিআইডি সদর দফতরে তিনি তাঁর নতুন পদের দায়িত্ব বুঝে নেন।

​দায়িত্ব গ্রহণকালে সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নবনিযুক্ত সিআইডি প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

​এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। সিআইডিতে যোগ দেওয়ার পূর্বে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালেই তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।

​ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগ দিয়ে বাংলাদেশ পুলিশে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ প্রায় তিন দশকের পেশাগত জীবনে তিনি দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে পুলিশের নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

​কর্মজীবনের বিভিন্ন সময় তিনি সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ, গবেষণা ও কারিকুলাম উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সিআইডির সদর দফতরসহ চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে দীর্ঘ সময় কর্মরত ছিলেন। মাঠপর্যায়ে পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

​পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, পুলিশ হেডকোয়ার্টার্স এবং দেশের বিভিন্ন রেঞ্জে কাজ করে তিনি তদন্ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ, প্রশিক্ষণ ও প্রশাসনিক পরিচালনায় পারদর্শিতা অর্জন করেন।

​শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর (এমএস) ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ঐতিহ্যবাহী ‘বার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। পেশাগত দক্ষতার অংশ হিসেবে তিনি মালয়েশিয়ায় ফরেনসিক ল্যাবরেটরি কোর্স, পাকিস্তানে আঞ্চলিক কর্মশালা এবং তুরস্কে অনুষ্ঠিত দশম ইন্টারপা সম্মেলনসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0