সরকারের আশ্বাসে দেশব্যাপী অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

২৯ জুলাই ২০২৬ - ০৮:১০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সরকারের আশ্বাসে দেশব্যাপী অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার
ছবি : বাসম থেকে সংগৃহীত

ঢাকা: আগামী এক মাসের মধ্যে যৌক্তিক দাবিগুলো সমাধানের আশ্বাস পাওয়ার পর দেশব্যাপী আহ্বান করা অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

​মঙ্গলবার মধ্যরাতের পর ন্যাম ভবনের অভ্যর্থনা কক্ষে সংশ্লিষ্ট সকল পক্ষের এক বৈঠকের পর যৌথ সংবাদ ব্রিফিংয়ে এই ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

​উক্ত সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ-র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

​যৌথ ব্রিফিংয়ে জানানো হয়, বাণিজ্যিক রেজিস্ট্রেশন প্রদান, অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, সরকারি হাসপাতালে পার্কিং সুবিধা, হাইকোর্টের নির্দেশানুসারে লাশবাহী ফ্রিজার ভ্যান ও অ্যাম্বুলেন্সকে টোলমুক্ত রাখা এবং ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহ নিশ্চিত করার মতো বেশ কিছু জরুরি ও যৌক্তিক দাবি নিয়ে বৈঠকে বিশদ আলোচনা করা হয়। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ সমন্বয়ে আগামী এক মাসের মধ্যে বৈঠকের মাধ্যমে এসব দাবি সুরাহার বিষয়ে উভয় পক্ষ ঐক্যমতে পৌঁছায়।

​জনদুর্ভোগ এড়ানো এবং জরুরি স্বাস্থ্যসেবার অচল অবস্থা নিরসনে তাৎক্ষণিকভাবে সব পক্ষকে নিয়ে এ আলোচনার আয়োজন করা হয় বলে ব্রিফিংয়ে জানানো হয়। আলোচনার সফলতায় প্রকাশ করা হয় সন্তোষ।

​বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদ আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, “দেশের সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে এবং সরকারের আশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে আমরা পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করে নিলাম।”

​তিনি দেশের প্রায় সাড়ে সাত হাজার অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিককে অবিলম্বে গাড়ি চলাচল শুরু করার আহ্বান জানিয়ে বলেন, “কোনো রোগী বা মৃতদেহের স্বজনরা যেন কষ্ট না পান, তা নিশ্চিত করতে অবিলম্বে পরিষেবা স্বাভাবিক রাখতে হবে।” একই সঙ্গে নির্ধারিত এক মাসের মধ্যে দাবিগুলোর স্থায়ী সমাধানের ব্যাপারে সরকারের প্রতি জোর তাগিদ দেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0