দক্ষিণ আফ্রিকায় সশস্ত্র হামলার পর দোকানে আগুন: নারায়ণগঞ্জের ৬ বাংলাদেশির মৃত্যু
দক্ষিণ আফ্রিকার একটি প্রদেশে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে সশস্ত্র সন্ত্রাসীদের দেওয়া আগুনে অন্তত ৬ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনার শিকার প্রবাসীদের মধ্যে নারায়ণগঞ্জ জেলার কয়েকজন বাসিন্দা রয়েছেন বলে মঙ্গলবার (২৮ জুলাই) জেলা প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
হত্যাকাণ্ড ও অগ্নিকাণ্ডের শিকার নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— নারায়ণগঞ্জ সদর উপজেলার মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং আলীরটেক ইউনিয়নের আলী মিয়ার ছেলে মোহাম্মদ আপন (২৪)। নিহত বাকি দুজনের পরিচয় এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে স্বজনরা চরম শোক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। নিহত প্রবাসীর বাবা আলী মিয়া জানান, "আগুনে আমার ছেলেসহ কয়েকজন মারা গেছে। আগুন তো সব নিয়ে যায়। ওরা এখন কী অবস্থায় আছে তাও ঠিকমতো জানি না।"
স্থানীয় সূত্র থেকে পাওয়া তথ্যমতে, সোমবার (২৭ জুলাই) গভীর রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই দোকানে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে ভেতরের ৬ জনই প্রাণ হারান। নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের ক্রোকরের চরের তিনজন, রামনগরের একজন ও চর আলীরটেকের একজন সদস্য রয়েছেন বলে প্রাথমিক শনাক্তকরণে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের মাতম ছড়িয়ে পড়েছে।
তবে সরকারি পর্যায় থেকে বিষয়টি এখনও পূর্ণাঙ্গভাবে নিশ্চিত হওয়া যায়নি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, সংবাদমাধ্যমের সুবাদে নারায়ণগঞ্জের অধিবাসীদের প্রাণহানির খবর তারা পেয়েছেন। তবে ঘটনার বিস্তারিত নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা তাদের কাছে পৌঁছায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











