বিএনপির ১৭ বছরের লড়াইয়ের ওপর দাঁড়িয়েই জুলাই অভ্যুত্থান: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
১৭ বছরের ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়েই জুলাই অভ্যুত্থানের মজবুত ভিত্তি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভাটির আয়োজন করে ‘আমরা বাংলাদেশি’ নামে একটি সংগঠন।
বক্তব্যে এ্যানি বলেন, যেকোনো গণঅভ্যুত্থানের পেছনের ভিত্তিটা গুরুত্বপূর্ণ। বিএনপির ১৭ বছরের অবিরাম আন্দোলনই মূলত জুলাইয়ের পরিবর্তনের পটভূমি তৈরি করেছিল। বর্তমান বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অতীতে একসাথে জোটবদ্ধ হয়ে যুগপৎ আন্দোলন করা হলেও এখন তারা একা আন্দোলনের দাবি করছে।
আওয়ামী লীগ প্রসঙ্গে এবং রাজনৈতিক বিভেদ বিষয়ে তিনি উল্লেখ করেন, সকল নেতাকর্মী দেশ ছাড়েননি বা সবার অপরাধের মাত্রাও এক নয়। কিন্তু ভালো আওয়ামী লীগকে সাথে নেওয়ার বিষয়ে সংসদে দেওয়া বক্তব্য রাজনৈতিক বিভাজনের সূচনা করছে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।
নির্বাচনী প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, কিছু আসনে একাধিক প্রার্থী থাকার কারণে দল ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি প্রবাসী ভোটের ক্ষেত্রে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে বিতর্কিত আসনগুলোতে নজর রাখার দাবি জানান তিনি। বিগত সরকারের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ১৭ বছরের অনিয়ম ও লুটপাটের খেসারত এখনো দেশকে দিতে হচ্ছে। তবে জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনের আলোকেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বিভেদের বদলে ঐক্যের ওপর জোর দেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বিএনপিকে ঐক্যে বিশ্বাসী দল হিসেবে বর্ণনা করে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন।
‘আমরা বাংলাদেশি’র সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, বিএনপি নেতা মোমিনুল আমিন এবং ইউনাইটেড লেবার পার্টির আমিনুল ইসলাম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











