সম্পদের হিসাব না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

২৮ জুলাই ২০২৬ - ১১:৩৬
প্রকাশিত: ৩ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সম্পদের হিসাব না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এসকে সুর চৌধুরীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

​মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এ রায় দেন। দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং পরে সাজা পরোয়ানাসহ তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

​মামলার নথিসূত্রে জানা যায়, এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তার ও তার পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের বিস্তারিত হিসাব চেয়ে দুদকের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছিল। তিনি নোটিশ ও সম্পদ বিবরণী ফরম গ্রহণ করলেও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সেই হিসাব দাখিল করতে ব্যর্থ হন।

​পরবর্তীতে নির্দিষ্ট সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর দুদক উপপরিচালক নাজমুল হুসাইন সাবেক এই ডেপুটি গভর্নর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর ২৫ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হলে ৬ নভেম্বর আদালত তা গ্রহণ করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। মোট ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় প্রদান করেন।

​উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি কারাবন্দি রয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0