সাবেক রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেপ্তারের মতো কিছু ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের প্রক্রিয়া সংবিধান মেনে এবং আইন অনুযায়ী সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পদত্যাগ পরবর্তী সময়ে তাঁকে গ্রেপ্তারের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি। সাবেক এই রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন সাংবিধানিক সুরক্ষা বজায় ছিল এবং তিনি পদত্যাগের পরও আইন অনুযায়ী প্রদেয় নিরাপত্তা ও সুযোগ-সুবিধা পাবেন।
রবিবার (২৬ জুলাই) পুলিশের বিশেষ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
তিনি উল্লেখ করেন, শারীরিক কারণে রাষ্ট্রপতি স্বেচ্ছায় সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং স্পিকার তা গ্রহণ করেছেন। বর্তমানে সাংবিধানিক নিয়ম অনুসরণ করেই স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পরিচালনা করছেন।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান রাজনৈতিক আলোচনা ও আন্দোলন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্তু আমলে নেওয়ার মতো কোনো অসংগতি এখানে দেখা যায়নি। কারণ দায়িত্ব পালনের সময় রাষ্ট্রপতির সাংবিধানিক সুরক্ষা (ইমিউনিটি) থাকে, যার ফলে সেই সময়ের কাজ নিয়ে ফৌজদারি মামলা করার সুযোগ নেই।
সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা প্রসঙ্গে তিনি নিশ্চিত করেন যে, আইনানুযায়ী এসএসএফ ও পিজিআর সুবিধা সহ ৬ মাস পর্যন্ত অন্যান্য নির্ধারিত নিরাপত্তা বলয় বলবৎ থাকবে।
সংবাদমাধ্যমে আসা রাষ্ট্রপতির একটি কথিত অডিও রেকর্ড প্রসঙ্গে তিনি জানান, সরকারের কাছে এ সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট তথ্য নেই এবং যে সংবাদমাধ্যম এটি প্রচার করেছে দায়িত্ব তাদেরই।
একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভালো কাজের জন্য পুরস্কার ও অনিয়মের জন্য জবাবদিহি—এই দুই নীতিতে সরকার অটল থাকবে। তিনি বিগত সরকারের পুলিশ বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার একটি জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে কাজ করছে। পুলিশ সপ্তাহের পদক প্রসঙ্গে তিনি বলেন, তালিকায় কিছু ত্রুটি ধরা পড়ায় যাচাই-বাছাই শেষে দ্রুতই পদক প্রদান করা হবে।
এছাড়া, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র দু-এক দিনের মধ্যে পাঠানো হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











