সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে যেকোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মূল্যায়নের ক্ষেত্রে পেশাগত দক্ষতা, বলিষ্ঠ নেতৃত্ব, শৃঙ্খলা ও সততাকে সর্বাগ্রে বিবেচনা করার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি।
রোববার (২৬ জুলাই) সকালে সেনা সদর দপ্তরে 'সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি নির্দেশনামূলক এই বক্তব্য দেন।
নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করতে হলে পুরো প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সুবিধা নয়, বরং একজন কর্মকর্তার কর্মদক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলাপরায়ণতা এবং নৈতিক সততাই পদোন্নতির একমাত্র মাপকাঠি হওয়া উচিত।
জাতীয় নিরাপত্তা ও পরিচালনায় সেনাবাহিনীর অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, সামাজিক স্থিতিশীলতা ধরে রাখা এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। দেশের জন্য এ ধরনের ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে সেনাপ্রধানসহ বাহিনীর সর্বস্তরের সদস্য ও কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











