তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
তুরস্কে পাঁচ দিনের গুরুত্বপূর্ণ সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৫ জুলাই) তিনি ঢাকায় প্রত্যাবর্তন করেন।
সফরকালে সেনাপ্রধান তুরস্কের শীর্ষ সামরিক কর্মকর্তা, সরকারি নীতিনির্ধারক এবং দেশটির প্রধান প্রতিরক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
তুর্কি সফরের শুরুতেই সেনাপ্রধান দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ ‘আনিতকাবির’-এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে ‘টার্কিশ ল্যান্ড ফোর্সেস হেডকোয়ার্টার্স’ পরিদর্শনের সময় তাকে বিশেষ ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
সফরসূচির অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের, চিফ অব দ্য টার্কিশ জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারোলু, কমান্ডার অব দ্য টার্কিশ ল্যান্ড ফোর্সেস জেনারেল মেতিন তোকেল, ডিরেক্টর অব ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ড রিয়ার অ্যাডমিরাল রেজেপ এরদিনচ এতকিন এবং তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির (এসএসবি) প্রতিনিধিদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ ও ফলপ্রসূ আলোচনা করেন। এসব বৈঠকে দুই দেশের সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় ও শিল্পে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়।
এছাড়া সেনাপ্রধান তুরস্কের বিশ্বখ্যাত প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান আসিসগার্ড, তুকাস, এমকেই, সারসিলমাজ, এসটিএম, রকেটসান, আসেলসান এবং বায়কার টেকনোলজি পরিদর্শন করেন। প্রতিষ্ঠানগুলোর গবেষণা, উন্নয়ন ও আধুনিক উৎপাদন ব্যবস্থা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।
সেনাপ্রধানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











