রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির ৪ জ্যেষ্ঠ নেতা ও সাবেক প্রধান বিচারপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অসুস্থতাজনিত পদত্যাগের পর নতুন বঙ্গভবন অধিপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনীতি ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। দেশের সর্বোচ্চ সাংবিধানিক এই পদের জন্য একজন নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে বেছে নিতে আগ্রহী সরকার ও বিএনপি।
বর্তমান সাংবিধানিক নিয়মানুসারে রাষ্ট্রপতি পদত্যাগ করায় স্পিকার সাময়িকভাবে দায়িত্ব সামলাবেন। পরবর্তী সময়ে জাতীয় সংসদের আগামী সেপ্টেম্বর অধিবেশনে সংসদ সদস্যদের ভোটাভুটির মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
বিএনপির দলীয় সূত্রমতে, শীর্ষ এই পদের জন্য চারজন জ্যেষ্ঠ নেতার নাম প্রাধান্য পাচ্ছে। তারা হলেন—দলের মহাসচিব ও বর্তমান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান।
রাজনৈতিক বিশ্লেষক ও রাজনৈতিক অঙ্গনের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার দিক থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম সারির পছন্দ। তবে শারীরিক অসুস্থতার কারণে ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আব্দুল মঈন খানের বিষয়টি মূল্যায়নে রয়েছে। অন্যদিকে, পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ নজরুল ইসলাম খানের নামও আলোচনার বাইরে নয়।
রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন একজন আমলা এবং সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এক প্রধান বিচারপতির নামও এ পদে নতুন করে আলোচনায় এসেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী এ বিষয়ে মতামত দিয়ে জানান, ত্যাগী ও রাজনীতি বোঝেন এমন নেতাদের মধ্য থেকেই রাষ্ট্রপ্রধান বেছে নেওয়া উচিত। তিনি আরও উল্লেখ করেন, যেহেতু সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ, তাই চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানত প্রধানমন্ত্রী ও দলীয় নেতৃত্বের পছন্দের ওপরই নির্ভর করবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











