শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

২৪ জুলাই ২০২৬ - ১৮:৪৩
প্রকাশিত: ৩ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
বিদায়ী রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দীন। ছবি:সংগৃহীত

বিভিন্ন জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকারের উদ্দেশ্যে তিনি এই পদত্যাগপত্র দাখিল করেন। সরকারি দাপ্তরিক প্যাডে প্রস্তুতকৃত এই পদত্যাগপত্রটিতে সবুজ কালির কলমে হাতে লিখে ‘শ্রদ্ধাজনেষু’ সম্বোধন করা হয়েছে।

​পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি শপথ নেন। এরপর থেকে নিষ্ঠা, সততা এবং সংবিধানের প্রতি পূর্ণ অনুগত থেকে তিনি নিজ দায়িত্ব পালন করে আসছিলেন।

​দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রসঙ্গে তিনি লেখেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর দেশে এক ধরনের সাংবিধানিক ও শাসনতান্ত্রিক জটিলতার তৈরি হয়। এই সংকট কাটিয়ে ওঠার উদ্দেশ্যে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনি মতামত চান। পরবর্তীতে সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

​তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ও বিরোধী দল গণতান্ত্রিক নিয়মে সংসদে দায়িত্ব পালন করছে। নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখায় দেশে বড় ধরনের কোনো সাংবিধানিক সংকট ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।

​শারীরিক অসুস্থতাকে পদত্যাগের প্রধান কারণ হিসেবে দেখিয়ে তিনি জানান, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ভুগছেন। ইতোমধ্যে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। সম্প্রতি চিকিৎসকদের পরীক্ষায় তাঁর শরীরে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামের ব্যাধি ধরা পড়েছে, যার কারণে তিনি মাঝে মাঝে সাময়িকভাবে সচেতনতা বা চেতনা হারিয়ে ফেলেন। এ ধরনের জটিল স্বাস্থ্য পরিস্থিতির কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে এবং তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন।

​চিঠির শেষ অংশে তিনি জানান, শারীরিক ও মানসিক অক্ষমতার কারণে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0