অসুস্থতাজনিত কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

২৪ জুলাই ২০২৬ - ১৮:২১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অসুস্থতাজনিত কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার
প্রেস ব্রিফিংয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি:সংগৃহীত

সব ধরণের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন স্বাক্ষর করা পদত্যাগপত্রটি জাতীয় সংসদে স্পিকারের দপ্তরে পৌঁছে দেন। পরবর্তী সময়ে বিকেল ৫টায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

​প্রেস ব্রিফিংয়ে স্পিকার জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিকেল ৫টা ১ মিনিটে তার কাছে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার নিজে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। পদত্যাগপত্রটি জাতীয় সংসদ সচিবালয়ে সংরক্ষণ এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

​রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে স্পিকার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জানান, শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতির পদে থাকা মো. সাহাবুদ্দিন। লিখিত পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন—হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। পূর্বে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছিল। সম্প্রতি চিকিৎসকদের পরীক্ষায় তার শরীরে 'অটোনমিক নিউরোপ্যাথি' নামক ব্যাধি শনাক্ত হয়, যার ফলে তিনি মাঝেমধ্যে চেতনা হারিয়ে ফেলেন।

​স্পিকার আরও জানান, এসব শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেছেন। তার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।

​সংবিধানের নিয়ম ব্যাখ্যা করে স্পিকার বলেন, স্পিকার হিসেবে শপথ গ্রহণের দিনই প্রয়োজন সাপেক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের শপথও অন্তর্ভুক্ত থাকে। ফলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসারেই দায়িত্ব হস্তান্তর হয়েছে। প্রেস ব্রিফিংয়ের শেষাংশে বিদায়ী রাষ্ট্রপতির দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0