সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনা মর্মান্তিক, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর

১৪ আগস্ট ২০২৬ - ১৮:১৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনা মর্মান্তিক, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর
ছবি সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এলএনজিবাহী জাহাজ কাটার সময়ে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

​শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের দেখতে এবং নিহতদের স্বজনদের সমবেদনা জানাতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

​মন্ত্রী জানান, উক্ত দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরপেক্ষতার স্বার্থে এখানে কারো পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার সুযোগ নেই, বরং সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য বের করে আনাই সরকারের প্রধান দায়িত্ব।

​আর্থিক সহায়তার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও আর্থিক সহায়তা প্রদান করা হবে। বর্তমানে দুর্ঘটনাস্থলে সেনাসদস্যরা বিষাক্ত গ্যাস নির্গমন বন্ধে কাজ করছেন বলে তিনি নিশ্চিত করেন।

​শিল্প কারখানার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই শিল্প খাতের সার্বিক কমপ্লায়েন্সের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক হংকং কনভেনশন অনুযায়ী শিপব্রেকিং ইয়ার্ডগুলোর গ্রিন সনদ দেওয়া হয়। এই দুর্ঘটনায় কমপ্লায়েন্স সংক্রান্ত কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

​পরিদর্শনকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও চেম্বার পরিচালক এস এম সাইফুল আলমসহ স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0