সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারিয়েছেন। রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
দূতাবাস সূত্রে জানা যায়, গতকাল আনুমানিক বেলা ২টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। অগ্নিকাণ্ডে মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সব কর্মীই বাংলাদেশি নাগরিক।
নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়, দুজনের বাড়ি নাটোরে এবং একজনের বাড়ি রাজশাহীতে। চিহ্নিত নিহত বাংলাদেশিরা হলেন— নওগাঁর আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক, মো. কলিমউদ্দিন, মো. মোহন ও মো. সুমন, মিনহাজ, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল এবং সাদনগর গ্রামের সাগর।
তাছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম, ডাংগাপাড়া এলাকার শ্যামল এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাসের কর্মকর্তারা সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহতদের সুনির্দিষ্ট পরিচয় বের করতে এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার জন্য স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











