১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ১ কোটি ৬০ লাখ পরিবার
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকারের বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১৬ আগস্ট। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে ভার্চুয়ালি বা সরাসরি যুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সমাজকল্যাণ মন্ত্রী জানান, প্রথম ধাপে ৪১ লাখ পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। পরবর্তীতে ধাপে ধাপে আগামী চার বছরের মধ্যে সারা দেশের প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে এর আওতাভুক্ত করার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত অসচ্ছল ও যোগ্য মানুষের হাতে পৌঁছায়, সেটি নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। কোনো উপযুক্ত ব্যক্তি যেন বাদ না পড়েন এবং অপাত্রে সুবিধা না যায়, তা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।
প্রকল্পটিকে দীর্ঘমেয়াদে কার্যকর রাখতে এটিকে একটি ‘ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে উপকারভোগীদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তথ্যভান্ডার নিয়মিত হালনাগাদ করা হবে। কোনো পরিবার দারিদ্র্যসীমা অতিক্রম করলে তালিকা থেকে বাদ যাবে এবং নতুন অসচ্ছল পরিবার যুক্ত হওয়ার সুযোগ পাবে।
মাঠপর্যায়ে অনিয়ম রোধে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সমন্বয়ে ডেটা যাচাই-বাছাই করা হবে। যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও পুনর্বিবেচনার ব্যবস্থাও থাকবে বলে নিশ্চিত করেন মন্ত্রী।
উক্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ফ্যামিলি কার্ডের তথ্য ভান্ডার ব্যবস্থাপনা, উপকারভোগী নির্বাচন ও মাঠপর্যায়ের তদারকি কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











