ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসেছে ৪৯০ এআই ক্যামেরা: ট্রাফিক আইন ভাঙলেই ই-কেস ও অটো ফাইন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় মামলা ও জরিমানা ব্যবস্থা চালু করেছে হাইওয়ে পুলিশ। এখন থেকে নির্ধারিত গতিসীমা লঙ্ঘন, উল্টো পথে গাড়ি চালানো কিংবা ঝুঁকিপূর্ণ স্থানে ওভারটেকিংয়ের মতো ট্রাফিক আইন অমান্য করলেই গাড়ি চালকদের বিরুদ্ধে অনলাইনেই স্বয়ংক্রিয় জরিমানা আরোপ করা হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পুরো মহাসড়ককে আধুনিক প্রযুক্তির নজরদারিতে আনতে ইতোমধ্যে ৪৯০টি বিশেষ এআই ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার সাহায্যে অনিয়ম শনাক্ত হওয়ার পর সঙ্গে সঙ্গেই জরিমানার তথ্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভারে পৌঁছে যাবে। একই সঙ্গে নিবন্ধিত গাড়ি মালিকের মোবাইল নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জরিমানা পরিশোধের নির্দেশ পাঠানো হবে। চালক বা মালিক নির্ধারিত অনলাইন মাধ্যম কিংবা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে সহজে এ অর্থ জমা দিতে পারবেন। তবে বারবার আইন ভাঙলে প্রচলিত বিধান মেনে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধন বাতিলের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
মহাসড়কে যেকোনো ধরনের অবৈধ অর্থ আদায় ও চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবহন মালিক, শ্রমিক সংগঠন কিংবা পুলিশ সদস্য—যার পক্ষ থেকেই চাঁদাবাজি হোক না কেন, তা এসব সিসিটিভি ও এআই ক্যামেরায় স্পষ্ট উঠে থাকবে। ফলে ডিজিটাল এই তদারকির কারণে অনিয়ম অনেকটাই কমে আসবে।
একই সঙ্গে মহাসড়কে অননুমোদিত থ্রি-হুইলার ও লাইসেন্সহীন যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে উল্লেখ করে তিনি জানান, প্রচলিত আইন অনুযায়ী তাৎক্ষণিক পদক্ষেপ নেবে আইনশৃঙ্খলা বাহিনী। তবে স্থানীয় ফিডার রোড ব্যবহার ও সিএনজি পাম্প থেকে গ্যাস নেওয়ার মতো জরুরি বিষয়গুলো শৃঙ্খলার মধ্যে এনে সমন্বয় করতে নির্দেশ দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











