আলমডাঙ্গায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীকে জরিমানা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বাজারের ফুটপাত দখলমুক্ত করে জনচলাচল স্বাভাবিক করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। এ সময় ফুটপাতে অনিয়ম করে ব্যবসা পরিচালনার দায়ে এক মাছ বিক্রেতাকে আর্থিক জরিমানা করা হয়।
সোমবার সকালে পরিচালিত এ অভিযানে বাজারের প্রধান প্রধান সড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানগুলো সরিয়ে দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী। এতে পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মাহফুজ আহমেদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাজারের গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত দখল করে ব্যবসা চালানোর ফলে পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। সৃষ্টি হচ্ছিল তীব্র যানজট। বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযানকালে নির্দেশ অমান্য করে ফুটপাতে ব্যবসা করার অপরাধে লেলিন নামের এক মাছ বিক্রেতাকে ২শ' টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ফুটপাত দখল না করার জন্য সব ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলমডাঙ্গা বাজারকে দখলমুক্ত রাখতে এ ধরনের তদারকি অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। প্রতিনিয়ত নজরদারির মাধ্যমে বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখার দাবি জানিয়েছেন তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











