মাদারীপুরের কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ শিক্ষার্থী আহত, ১ জন আশঙ্কাজনক
মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় একটি মহিলা মাদ্রাসায় ককটেল/হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে।
শনিবার সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার সকালেও শিক্ষার্থীরা মাদ্রাসায় পাঠদানের জন্য আসে। শ্রেণিকক্ষে প্রবেশ করার পর মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত ইমন সরদার নামে এক ব্যক্তির বসতঘরের সামনে আকস্মিকভাবে বিকট শব্দে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। বোমার বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং চার শিক্ষার্থী আহত হয়।
ঘটনার পরপরই আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণের পরামর্শ দেন।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি শুরু করে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, বিস্ফোরণের কারণ ও রহস্য উন্মোচনে পুলিশ এবং সিআইডির টিম যৌথভাবে কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে পরবর্তীতে নিশ্চিত করা সম্ভব হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











