মেহেরপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টা আটক, পতাকা বৈঠকের পর উভয় দেশে হস্তান্তর

১১ আগস্ট ২০২৬ - ১৯:৪৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেহেরপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টা আটক, পতাকা বৈঠকের পর উভয় দেশে হস্তান্তর
ছবি: সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি কৃষককে আটক করার পর, পাল্টা দুই ভারতীয় নাগরিককে স্থানীয়দের সহায়তায় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরবর্তীতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত সফল পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের স্ব-স্ব দেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

​মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক সোয়া আটটার দিকে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তের ১২৪/৩-এস সীমান্ত পিলারের কাছে এ ঘটনার সূচনা হয়।

​বিজিবি সূত্র জানায়, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান (৬০) সীমান্তে তাঁর নিজস্ব জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয় জেলার তেহট্ট থানার ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহল দল তাঁকে সীমান্ত এলাকা থেকে আটক করে নিয়ে যায়।

​এর কিছুক্ষণ পর, সকাল সাড়ে আটটার দিকে সীমান্ত পিলার ১২৩/৫-এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া দুই ভারতীয় নাগরিককে স্থানীয় গ্রামবাসী আটক করে। পরে তাদের বিজিবির হাতে তুলে দেওয়া হয় । আটক ব্যক্তিরা হলেন ভারতের নদীয় জেলার তেহট্ট থানার লালবাজার এলাকার বাসিন্দা শচীন দাস (৬৫) এবং নরতন বিশ্বাস (৩৫)।

​বিষয়টি সমাধানের লক্ষ্যে একই দিন বিকেল সাড়ে তিনটা থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত সীমান্ত পিলার ১২৪/৩-এস এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে ইছাখালী সদর দফতরের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবু হানিফ এবং বিএসএফের পক্ষে ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর কোম্পানি কমান্ডার ইনস্পেক্টর রাজিব নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

​বৈঠকে আলোচনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিকেল চারটার দিকে উভয় সীমান্তরক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে আটকদের নিজ নিজ দেশের হাতে তুলে দেয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0