চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা প্রতিহত করলো বিজিবি
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির টহল দলের কড়া নজরদারি ও দৃঢ় অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষীরা এই অবৈধ চেষ্টা প্রতিহত হতে বাধ্য হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (০৯ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭০/২-এস এর কাছে থাকা গেট দিয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা তিনজন ব্যক্তিকে (এক পুরুষ ও দুই নারী) বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়।
তবে অনুপ্রবেশকারীরা শূন্যরেখা অতিক্রম করার আগেই মাধবখালী বিওপির নিয়মিত টহল দলের নজরে পড়েন। বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের প্রবেশে বাধা দিলে তারা শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ৪০ গজ দূরে অবস্থান নেন। বিজিবির সতর্ক ও শক্ত অবস্থান দেখে ভোর ৫টা ২০ মিনিটে ওই তিন ব্যক্তি ভারতের কাঁটাতারের দিকে ফিরে যান।
পরবর্তীতে সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে বিএসএফের মেতেরী ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস সীমান্ত গেট খুলে ওই তিনজনকে ভারতের ভেতরের অংশে ফিরিয়ে নিয়ে যায়। বিজিবির দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে পুশ-ইনের এই চেষ্টা সফল হয়নি। এ ঘটনাটি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে প্রাতিষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত রক্ষা, অনাকাঙ্ক্ষিত পুশ-ইন প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যাটালিয়নের প্রতিটি টিম সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











