বজ্রঝড় ও আকস্মিক বন্যার ঝুঁকিতে সৌদি আরব, একাধিক অঞ্চলে সতর্কবার্তা জারি
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে এবার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে সৌদি আরব। দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা করে আগাম সতর্কবার্তা জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত সৌদির অধিকাংশ এলাকায় এই প্রতিকূল আবহাওয়া বজায় থাকতে পারে। ঝড়ের সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারেরও বেশি বেগে প্রবল নিম্নমুখী বায়ুপ্রবাহ এবং ধুলাঝড়ের কারণে সড়ক বা আকাশে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যেতে পারে। একই সঙ্গে উপকূলীয় ও সংবেদনশীল এলাকায় টর্নেডো, জলোচ্ছ্বাস বা জলস্তম্ভ তৈরির ঝুঁকিও রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, জাজান, আসির, আল বাহা এবং মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া মদিনা, তাবুক, আল-জউফ, নর্দার্ন বর্ডারস, হাইল, নাজরান, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের দক্ষিণ অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পবিত্র মক্কা নগরীসহ তায়েফ, বাহরা, মাইসান ও সংলগ্ন এলাকাগুলোতে শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পূর্বাভাস পাওয়া গেছে। উপকূলীয় শহর জেদ্দা, রাবিঘ ও খুলাইসেও হালকা বৃষ্টির আভাস দিয়েছে এনসিএম। আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কায় নাগরিক ও চালকদের চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন এবং অফিশিয়াল অ্যাপ বা গণমাধ্যমের হালনাগাদ বার্তা অনুসরন করার পরমর্শ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











