যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় সেলাই
যশোরে নিজ বাড়ির সামনে দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়েছেন জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী। হামলার সময় ইটের আঘাতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। পরবর্তীকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মাথায় চারটি সেলাই দেন। বর্তমানে তিনি প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে অভিনেতা সমু চৌধুরী জানান, দুপুরে নিজ বাড়ির সামনের সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজ মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মাথা ফেটে রক্তপাত শুরু হয়।
এদিকে গ্যারেজ মালিক হৃদয় হামলার সময় ঘটনাস্থলে নিজের উপস্থিতির কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাকে গালাগাল করার জেরে মেকানিক জাহাঙ্গীর একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে পরবর্তীতে ফোনে তাকে অবহিত করেছেন।
এক প্রবীণ অভিনেতার ওপর এমন হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনার পেছনে জড়িতদের দ্রুত আটক করতে অভিযান অব্যাহত রয়েছে এবং লিখিত অভিযোগ ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











