৩০ ঘণ্টা পর মুক্ত চুয়েট উপাচার্য, শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে ক্যাম্পাস থেকে বের করে আনা হয়। বের হওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা নানা ধিক্কার জানিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
উপাচার্যকে উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম। এ উদ্ধার প্রক্রিয়ার মধ্য দিয়ে ভিসির সঙ্গে প্রশাসনিক ভবনে আটকে থাকা অন্য কর্মকর্তা-কর্মচারীরাও অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন।
ঘটনার সূত্রপাত ঘটে গত সোমবার (১২ অক্টোবর) সকালে, যখন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরের নিজ কার্যালয়ে প্রবেশ করেন। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আগে থেকেই চুয়েটে আন্দোলন চলছিল। উপাচার্য কার্যালয়ে প্রবেশের পর পরই আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁকে দ্রুত ভবন ত্যাগ করার নির্দেশ দিয়ে সময়সীমা নির্ধারণ করে দেন।
শিক্ষার্থীদের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন থেকে বের না হওয়ায় আন্দোলনকারীরা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং বাইরে থেকে পুনরায় তালা ঝুলিয়ে দেন। ফলে উপাচার্যসহ তাঁর সঙ্গে থাকা সংশ্লিষ্ট সবাই ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে এবং সাবেক উপাচার্যকে পদে বহাল করার দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন শুরু করায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রম সম্পূর্ণ থমকে যায়।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিভিল সার্জনের হস্তক্ষেপে অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করা হলেও, চুয়েটের চলমান এই দীর্ঘ অচলাবস্থা নিরসনে কার্যকর কোনো সমাধান বা সিদ্ধান্ত এসেছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











