এসএসসিতে পরীক্ষার্থী কমলেও ফেলের সংখ্যা বেড়েছে প্রায় ৯০ হাজার
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা কমলেও অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের তুলনায় এবার পরীক্ষার্থী প্রায় সাড়ে ৭৪ হাজার কম হলেও ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৯০ হাজার।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানের মাধ্যমে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রীর হাতে ফলাফলের নথি তুলে দেন।
পাশের হার ও জিপিএ-৫-এর চিত্র
প্রকাশিত ফলাফলের তথ্যানুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। অন্যদিকে, ২০২৫ সালে মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন উত্তীর্ণ হয়েছিল, যেখানে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৬৬০ জন।
পরিসংখ্যান অনুযায়ী, এক বছরে পরীক্ষার্থী কমেছে ৭৪ হাজার ৬০১ জন, অথচ ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮৯ হাজার ৯৪৮ জন। শিক্ষার্থী কমার সাথে সাথে ফেলের সংখ্যা বাড়ায় এর প্রভাব পড়েছে সার্বিক পাসের হারে। গত বছর গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ, যা এবার ৬.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে।
পাসের হারের পাশাপাশি সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও বড় অবনতি লক্ষ্য করা গেছে। ২০২৫ সালে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার তা ২২ হাজার ৩৫৬ জন কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে। উল্লেখ্য, চলতি বছরে পূর্ণাঙ্গ সিলেবাস ও পূর্ণ নম্বরে ২১ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











